নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সেখানকার নেতাকর্মী ও সমর্থকরা।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি চলে। এ সময় তারা দাবি করেন, মনোনয়নটি এলাকাবাসীর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
জাতীয়তাবাদী ঢাকা ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল সাহেদ বলেন, নোয়াখালী–৫ আসনে যিনি জনগণের সঙ্গে নেই, তাকে চাপিয়ে দিলে দলকে ভুগতে হবে।
যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদল অভিযোগ করে বলেন, এ মনোনয়ন তৃণমূলের মতামত উপেক্ষা করে দেওয়া হয়েছে। আমরা এ প্রার্থিতা মানি না।
সাবেক উপজেলা বিএনপি সদস্য নাজিমুদ্দিন বলেন, এমন বিতর্কিত মনোনয়ন দিয়ে নোয়াখালীর রাজনীতি আরও জটিল করা হচ্ছে।
মানববন্ধন শেষে বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে একটি মিছিল বের করেন বিক্ষোভকারীরা। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
