সৌদিতে পরিচ্ছন্নতা কর্মীর ভালোবাসায় বিস্মিত দীঘি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে চলমান ষষ্ঠ ‘রিয়াদ সিজন’-এ অংশ নিতে বর্তমানে রিয়াদে অবস্থান করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলের রুমে দীঘির অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী একটি চিঠি লিখে রেখে যান। প্রিয় তারকার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা জানিয়ে লেখা সেই চিঠিটি দেখে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন অভিনেত্রী। 

দীঘি তার ফেসবুক অ্যাকাউন্টে পরিচ্ছন্নতাকর্মীর লেখা চিঠিটি প্রকাশ করেন। চিঠিতে শুধু একটি লাইন লেখা ছিল, ‘আপু, আপনার সঙ্গে দেখা করতে পারব?’ সামাজিক মাধ্যমে চিঠিটি প্রকাশ করে দীঘি তার অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘সকালে হোটেল থেকে বের হওয়ার সময় রিসেপশনে বলে গিয়েছিলাম আমার রুমটা পরিষ্কার করে রাখতে। অনেক কেনাকাটা করে রুমে ঢুকে দেখি আমার টেবিলে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। এই ডিজিটাল আর সোশ্যাল মিডিয়ার যুগে কেউ এভাবে একটু দেখা করতে চাচ্ছে, ব্যাপারটা খুব মিষ্টি লাগল।’ 

দীঘি আরো বলেন, ‘এই নোটের মাধ্যমে আবারও নতুন করে উপলব্ধি করলাম, ভালোবাসা এখনো চিঠিতে বসবাস করে। আর আমার এমন ভক্তদের জন্য এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তাদের এই ভালোবাসাটা আজীবন চলমান থাকুক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত