আর্জেন্টিনার কাছে ৭ গোল খাওয়া সবচেয়ে ছোট দেশটি বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

কুরাসাও নামে যে একটা দেশ আছে- সেটাই বা কয়জন জানে? ফুটবলপ্রেমীদের অবশ্য জানার কথা। ২০২৩ সালের ২৯ মার্চ এক প্রীতি ম্যাচে এই কুরাসাওকেই ৭-০ গোলে হারিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও এখন ইতিহাসের দ্বারপ্রান্তে। আর মাত্র এক পয়েন্ট পেলেই তারা সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের মূলপর্বে উঠবে।

আর্জেন্টিনার কাছে ৭ গোল খাওয়া কুরাসাও গত বৃহস্পতিবার কনকাকাফ বিশ্বকাপ বাছাইপর্বে বারমুডাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে। এই জয়ে তারা গ্রুপ ‘বি’-র শীর্ষস্থান আরও মজবুত করেছে। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। আগামী ১৯ নভেম্বর জ্যামাইকার বিপক্ষে ড্র পেলেই নিশ্চিত হবে ঐতিহাসিক বিশ্বকাপ স্বপ্ন। ২০১৮ সালে আইসল্যান্ড সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে খেলেছিল। কুরাসাও আইসল্যান্ডের চেয়েও ছোট। কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি।

ক্যারিবীয় সাগরে ভেনিজুয়েলার উত্তরে অবস্থান ক্ষুদ্র দ্বীপ কুরাসাও-র আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার, যা আকারে আইল অব ম্যানের চেয়েও ছোট। কুরাসাও ১৮১৫ থেকে ১৯৫৪ পর্যন্ত ‘কুরাসাও অ্যান্ড ডিপেনডিন্সিস কলোনি’র অংশ ছিল। এরপর ১৯৫৪ থেকে ২০১০ সাল পর্যন্ত তারা ছিল নেদারল্যান্ডস এন্টিলিসের অংশ। ২০১০ সালের অক্টোবরে নেদারল্যান্ডস এন্টিলিসের বিলুপ্তির পর থেকে দ্বীপটি কুরাসাও রাষ্ট্র হিসেবে পরিচিত হয়।

দলটির কোচ ডিক অ্যাডভোকাট—ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড ও স্কটিশ জায়ান্ট রেঞ্জার্সের সাবেক ম্যানেজার। ছোট জনসংখ্যার দেশ হলেও কুরাসাও দলে রয়েছে বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের ফুটবলার। তাদের মাঝে আছেন— রেঞ্জার্স ও বার্মিংহামের সাবেক মিডফিল্ডার জুনিনিয়ো বাকুনা, প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার হয়ে খেলা লিয়ান্দ্রো বাকুনা, বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ স্ট্রাইকার জর্ডি পাওলিনা, শেফিল্ড ইউনাইটেডের তাহিথ চং প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত