বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড, আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। জুলুম, নির্যাতন, মামলা, হামলার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিগত ১৬ বছর দেশের মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনারা তা টেলিভিশন, পত্রিকায়, ফেসবুক ও ইউটিউবে দেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী লীগ কাপুরুষের মত পালিয়েছে।
শনিবার সন্ধ্যায় নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের দীঘিরপাড় বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যতই নিজেদের মুক্তিযুদ্ধের শক্তি বলে দাবি করুক আসলে স্বৈরাচারী। আওয়ামী লীগ কোন দিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই। তারা দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করে না, তারা নিজের কল্যাণে বিশ্বাস করেছে।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছিল। এদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছিল। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা দেশের সকল অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, ব্যাংক-বীমা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছিল।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, পলাশ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনির হোসেন (ভিপি মনির), মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আলী সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলমসহ প্রমুখ।
