রাশিয়ার কাছে আটক বন্দীদের মুক্তি চাইছে ইউক্রেন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

 ইউক্রেন রাশিয়ার সঙ্গে স্থগিত থাকা প্রায় ১২০০ যুদ্ধবন্দিদের বিনিময় প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান। জেলেনস্কি রোববার (১৬ নভেম্বর) টেলিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, বন্দি বিনিময় পুনরায় চালুর বিষয়ে বৈঠক ও আলোচনার কাজ চলছে।  
 
ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ জানান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে কিয়েভের সহযোগীদের সহায়তায় এ বিষয়ে পরামর্শ হয়েছে। এসব আলোচনার ফলেই ২০২২ সালে তুরস্কের মধ্যস্থতায় হওয়া ইস্তাম্বুল চুক্তিতে ফিরে যাওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে, যা প্রায় এক হাজার দুই শত ইউক্রেনীয় বন্দির মুক্তির পথ খুলতে পারে।

মস্কো এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া-ইউক্রেন হাজারো বন্দি বিনিময় করলেও তা মাঝে মাঝেই যুদ্ধক্ষেত্রের উত্তেজনায় ব্যাহত হয়েছে।

উমেরভ জানান, শিগগিরই প্রক্রিয়াগত ও সংগঠনিক বিষয়ে আলোচনা হবে। তার আশা, বন্দিরা যেন নববর্ষ ও বড়দিনে পরিবারের সঙ্গে ঘরে ফিরতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত