মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে উপযুক্ত বিচার হিসেবে বর্ণনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার একমাত্র পথ হচ্ছে ঘোষিত মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা।
তিনি বলেন, ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই- শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করতে হবে।
আখতার হোসেন দাবি করেন, বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনা কেবল উসকানিমূলক বক্তব্যই দেননি, বরং মানুষকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা মানুষকে পুড়িয়ে হত্যার মতো নিষ্ঠুর কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।
তিনি বলেন, মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার। এই রায় কার্যকর হলে বিশ্বের কাছে একটি নজির স্থাপিত হবে- যাতে ভবিষ্যতে কোনও শাসক মানবতাবিরোধী অপরাধ করার দুঃসাহস না পায়।
এনসিপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার অনেক অপরাধের মধ্য থেকে মাত্র অল্প কয়েকটির বিচারেই আজকের দণ্ড ঘোষিত হয়েছে। বাকি সব অপরাধের বিচারও হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।
লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
শাহবাগে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর
শেখ হাসিনার ‘মৃত্যুদণ্ডে’ সন্তুষ্ট শহীদ ওয়াসিম ও শান্তর পরিবার