ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষা কমিশনার আন্দ্রিয়ুস কুবিলিয়ুস। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে গতকাল সোমবার (১৭ নভেম্বর) দেওয়া এক ভাষণে তিনি বলেন, রাশিয়ার বৃহৎ আকারের ড্রোন হামলা প্রতিহত করার মতো প্রস্তুতি ইউরোপের এখনো নেই—এবং বিষয়টি নিয়ে সময় নষ্ট করলে তা হবে গুরুতর ভুল।
কুবিলিয়ুস জানান, ইউক্রেন যুদ্ধ ইউরোপের জন্য বড় শিক্ষা হওয়ার কথা ছিল। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতাকে এখনই গুরুত্ব দিতে হবে। তার ভাষায়, ‘রাশিয়া খুব দ্রুত শিখছে—আমরা কি করছি?’
তিনি আরও বলেন, ভবিষ্যতের যুদ্ধ আর প্রচলিত ট্যাংক–কামানের মতো ভারী অস্ত্রের ওপর নির্ভর করবে না; বরং ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই যুদ্ধের রূপ নির্ধারণ করবে। এজন্য পূর্ব ইউরোপ ও বাল্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি।
শাফাক নিউজ–এর তথ্যে বলা হয়েছে, ইউক্রেন–রাশিয়া যুদ্ধের বর্তমান পরিস্থিতিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্রই আক্রমণের মূল হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুই পক্ষই নিয়মিতভাবে আকাশপথে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, আর স্থল অভিযানের পরিমাণ তুলনামূলকভাবে কমে এসেছে।
ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে ইউক্রেন