প্রথমবার যুব হকি বিশ্বকাপ খেলতে ভারতে গেল বাংলাদেশ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে অংশ নিতে আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে জাতীয় যুব হকি দল। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে বসবে যুব হকি বিশ্বকাপের আসর।

২৪ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। এই গ্রুপে লাল সবুজ দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্স। প্রথমবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাংলাদেশ আসর শুরুর আগে চিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

দেশ ছাড়ার আগে বাংলাদেশ অধিনায়ক মেহরাব হাসান সামিন ভালো পারফর্মেন্সের প্রত্যয় ব্যক্ত করেন, ‘আমরা দেশের জন্য মাঠে নামব। আমরা প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছি, এমন কিছু করতে চাই যা হবে আমাদের আগামীর অনুপ্রেরণা।’

উল্লেখ্য, ডেঙ্গু আক্রান্ত হওয়ায় মোঃ মেহেদী হাসান দলের সঙ্গে ভারতে যেতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত