সৌদি আরবকে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র হিসেবে স্বীকৃতি দিয়ে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের সময় এই ঘোষণা দেন ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, সৌদি যুবরাজের সাথে এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান, নন-ন্যাটো মিত্র হিসেবে মনোনীত করে আমরা আমাদের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি, যা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এই ঘোষণার পেছনে রয়েছে দুই দেশের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তি। সৌদি মিডিয়া এই চুক্তিকে একটি দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে, যা দুই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ককে জোরদার করবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।

হোয়াইট হাউস জানিয়েছে, যুবরাজের সফরের সময় দুই দেশ বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করেছে। বিশেষত বেসামরিক পারমাণবিক শক্তির ক্ষেত্রে একটি যৌথ ঘোষণা অনুমোদন করা হয়েছে, যা আগামী দশকগুলোতে বিলিয়ন ডলারের সহযোগিতার জন্য আইনি ভিত্তি সরবরাহ করবে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে।

এছাড়াও, ট্রাম্প এফ-৩৫ যুদ্ধবিমানসহ একটি বড় অস্ত্র চুক্তি অনুমোদন করেছেন, যা ইতিমধ্যেই আগেই ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ট্রাম্প সাত বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো সৌদি যুবরাজকে ওয়াশিংটনে আতিথ্য দেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি জোরদার করবে এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত