সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৮ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ বুধবার (১৯ নভেম্বর) নির্বাচনী আচরণবিধি মেনে চলার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে তিনি বলেন, ‘একটি সুন্দর নির্বাচন জাতির প্রতি সব দলের দায়বদ্ধতা এবং নির্বাচন কমিশন দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সিইসি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য, ‘নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য, যার মূল শর্ত হল আচরণবিধি মেনে চলা। আমাদের প্রত্যাশা, সব রাজনৈতিক দল এই প্রতিশ্রুতি বজায় রাখবে।’

তিনি আরও উল্লেখ করেন, ভোটের নিরাপত্তা ও সফলতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা বড়। ‘যদি দলগুলো আন্তরিকভাবে কাজ করে, তাহলে নির্বাচন কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না।’

সিইসি নাসির উদ্দিন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্যও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রতিটি দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের উৎসাহিত করবে যাতে তারা কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করে।

নির্বাচন কমিশন আশা করছে, সব দলের আন্তরিক সহযোগিতা নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ করে তুলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত