নতুন বছরের পাঠ্যবই বিতরণ শুরু এনসিটিবির

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৮ পিএম

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছে দিতে এবার থেকে অনলাইনে চালান নিষ্পত্তি বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।

স্মারকে জানানো হয়, ইতিমধ্যে মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের বই মুদ্রণ ও সরবরাহের কাজ শুরু করেছে।

জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে স্মারকে। এনসিটিবির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান থেকে পাঠ্যপুস্তক বুঝে নেওয়া এবং সরবরাহকৃত বই গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে চালানের অনুমোদন দিতে বলা হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম চলবে বলে স্মারকে উল্লেখ করা হয়। এছাড়া, প্রত্যেক জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করতে হবে।

অনলাইন চালান ব্যবস্থাপনা প্রসঙ্গে স্মারকে বলা হয়, জেলা/উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের https://nctb.ihealthscreen.org ঠিকানায় প্রবেশ করে 'Chalan Management'-এ গিয়ে বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পাঠ্যপুস্তকের চালানের অনুমোদন দিতে হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত