‘শিবির’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ এডিসি মাসুদ আলমের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাম্প্রতিক ঘটনায় রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুদ আলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া সমালোচনার জবাব দিয়েছেন নিজেই। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পুরো ঘটনার জন্য দু:খপ্রকাশ করেন।

এডিসি মাসুদ আলম জানান, ১৮ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে প্রায় ৫০ জন যুবক বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশের চেষ্টা করে। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হন। কিন্তু বুলডোজার দিয়ে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা শুরু করায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তাদের সরিয়ে দেয়।

এডিসি মাসুদ আলম তার ‘শিবির’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, সিনিয়র কর্মকর্তাকে পরিস্থিতি জানাতে গিয়ে আমি বলেছিলাম, ‘স্যার, এরা তো শিবির’। কথাটি আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ঘটনাস্থলের পরিস্থিতি ব্যাখ্যার জন্য বলেছিলাম। তিনি দাবি করেন, কথোপকথনের মধ্যবর্তী অংশটি উদ্দেশ্যমূলকভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আহত এক তরুণকে রিকশায় তুলে বাসায় পাঠানোর ঘটনাটিও বণর্না দেন। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ভুলবশত পুলিশ সদস্যরা একজন নিরীহ ছেলেকে পিটিয়ে ফেললে তিনি ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। ছেলেটি নিজেকে ঢাকা কলেজের ছাত্র পরিচয় দিলে তিনি তাকে রিকশায় তুলে ভাড়াও দেন।

এডিসি মাসুদ আলম সমালোচনা প্রসঙ্গে বলেন, আমি সাধারণ মানুষ এবং আন্তরিকভাবে দায়িত্ব পালন করি। ভুল হলে সংশোধনযোগ্য, আমি ফেরেশতা নই। কেউ ভুল বুঝে থাকলে আমি দুঃখিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত