ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসনে বিগত আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালে ‘আশ্রয়ণ’ নামে প্রকল্প গ্রহণ করে। এরপর ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ‘আশ্রয়ণ’ প্রকল্প আবার হাতে নেয়। ২০২০ সালের মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ প্রকল্প জোরেশোরে বাস্তবায়ন শুরু হয়। ২০২৪ সালে ক্ষমতায় থাকার আগ পর্যন্ত আওয়ামী লীগ প্রচার করেছিল, ৫৮ জেলা ও ৪৬৪ উপজেলায় আশ্রয়ণ প্রকল্প নেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশে পাঁচটি পর্যায়ে ২ লাখ ৪৪ হাজার ৩৯৩ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ ঘর বরাদ্দ দেওয়া হয়। ২০২১ সালে মুজিববর্ষ উপলক্ষে জানুয়ারি এবং জুন মাসে ১ লাখ ১৮ হাজার ৩৮০টি ঘর হস্তান্তর করা হয়। সে সময় আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম নিয়ে তোলপাড় হয়েছিল। এরপর পাঁচজন কর্মকর্তাকে ওএসডি করা হয়। শোনা গিয়েছিল, আরও অনেক কর্মকর্তা শাস্তির মুখোমুখি হতে পারেন। পরিণতিতে কী হয়েছে, আমরা জানি। এরপর দুই ধাপে ভূমিহীন পরিবারকে প্রকল্পের আওতায় ঘর দিয়েছে সরকার। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ নাম দিয়ে মূলত অর্থের শ্রাদ্ধ করা হয়েছে। আসলে তখন ঘর নির্মাণে কোনো ঠিকাদার নিয়োগ করা হয়নি। দেশব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) তত্ত্বাবধানে সব তৈরি হয়েছে। আবার প্রকল্পটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়ন করা হয়। এখন বোঝা যাচ্ছে, মূলত কোন উদ্দেশ্যে এ প্রকল্পে হাত দেওয়া হয়েছিল। এ রকম অজস্র প্রকল্পে অর্থবিলাস করা হয়েছে। মূল উদ্দেশ্য থেকেছে আড়ালে।
জানা যাচ্ছে, বরাদ্দে অনিয়ম ও নির্মাণ দুর্নীতির কারণে আশ্রয়ণ প্রকল্পের মাথা গোঁজার ঠাঁই এক আতঙ্কের নাম। বর্তমানে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার আশ্রয়ণ প্রকল্পের ঘর। ঘরের দেয়ালে হাত লাগালেই খসে যায় আস্তরণ। ফাটল ধরেছে মেঝেতে। সামান্য বৃষ্টি হলে ফুটো টিন দিয়ে পড়ে পানি। এমনকি ঝড় এলে কেঁপে ওঠে মেঝে। এই বেহাল দশা আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর। এসব ঘর বরাদ্দ ও নির্মাণে ভয়ংকর দুর্নীতির কারণে এমন দশা বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রশাসন বলছে, মেরামতসহ দুর্নীতি-অনিয়ম নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। তখন ঘর নির্মাণে নীতিমালা মানা হয়নি। অনেক ঘরে নির্মাণত্রুটি রয়েছে। নির্মাণে ব্যবহৃত মালামাল ছিল নিম্নমানের। ভূমির মালিকরাও ঘর বরাদ্দ পেয়েছে। সব মিলিয়ে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ নিয়ে দেশের অধিকাংশ উপজেলায় নীতিমালাবহির্ভূত কর্মকাণ্ডের ঘটনা, একের পর এক প্রমাণিত হচ্ছে।
আসলে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন প্রকল্পের নামে হরিলুট হয়েছে। দেশব্যাপী এমন লুটপাট বিরল। বিগত কোনো সরকারের সময় এমনটি হয়নি। এবার যোগ হলো আশ্রয়ণ প্রকল্পের সর্বশেষ তথ্য। জানা যাচ্ছে, খুলনার ডুমুরিয়া উপজেলার সাজিয়ারা শেয়ারঘাটা খাল ঘেঁষে নিচু জমিতে গড়ে তোলা হয় আশ্রয়ণ প্রকল্প। সেখানে ওপরে লাল ও সবুজ টিনের ছাউনি এবং ইটের দেয়ালে সাদা রঙের দুই কামরার ৫৬টি ঘর। মুজিব শতবর্ষ উপলক্ষে ঘরগুলো উপহার দেওয়া হয়েছিল ভূমিহীন ৫৬ পরিবারকে। কিন্তু বর্তমানে হাঁটুসমান পানিতে নিমজ্জিত ঘরগুলো। মাত্র আটটি পরিবার ঘরের মধ্যে উঁচু মাচা তৈরি করে বসবাস করছে। বাকি ৪৮টি পরিবার ঘর ছেড়ে চলে গেছে অন্যত্র। আশ্রয়ণে বসবাসকারী ও অন্যদের অভিযোগ, ভূমিহীনদের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে নেওয়া প্রকল্পটি দুর্নীতিতে ডুবেছে। রাজনৈতিক প্রকল্প হওয়ায় ব্যাপক লুটপাট হয়েছে। এসব লুটপাটের কোনো শাস্তি হয় না। শুধু তদন্ত হয়। বর্তমানে যারা দায়িত্বে আছেন, তারাও তদন্তের কথা বলেন। এরপর কি দোষীকে চিহ্নিত হওয়ার পর শাস্তি দেওয়া হবে! আসলে শাস্তিহীনতা সংস্কৃতির পরিবর্তন না হলে, কোনো অন্যায়েরই বিচার হবে না। অন্তত অতীত তাই বলে। তবে এবার কী হবে তা জানা নেই।