শেষ ৯ টেস্টে ৮ বার: টস হারই যেন ভারতের নিয়তি

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম

ভারতের টসে দুর্ভাগ্যের ধারাবাহিকতা যেন শেষই হচ্ছে না। দলের নতুন টেস্ট অধিনায়ক রিশাভ পান্তও দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমার কাছে টস হেরে শুরু করলেন তার নেতৃত্বের যাত্রা। আজ শনিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আয়োজিত শহরের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

নিয়মিত অধিনায়ক শুবমান গিল ইনজুরিতে পড়ায় ৩৮তম টেস্ট অধিনায়ক হিসেবে ইতিহাস গড়েছেন পান্ত। মহেন্দ্র সিং ধোনির পর প্রথম উইকেটরক্ষক-ব্যাটার তিনি ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু নেতৃত্বের শুরুটা হলো টস হার দিয়ে। ভারত সাম্প্রতিক সময়ে টসে ভুগছে চরম দুর্ভাগ্যে। শেষ ৯ টেস্টের মধ্যে ৮টিতেই তারা টস হেরেছে। এর আগে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টেই টস হেরেছিলেন শুবমান গিল। যদিও সিরিজ ২-২ ড্র হয়েছিল।

এই সময়ের মধ্যে ভারতের একমাত্র টস জয় এসেছে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কলকাতায় গত সপ্তাহেও টস হেরে কঠিন উইকেটে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছিল ভারত। ভারত দলে এসেছে দুটি পরিবর্তন। অক্ষর প্যাটেলের জায়গায় এসেছেন সাই সুদর্শন এবং শুবমান গিলের জায়গায় নিতীশ রেড্ডি। টস হারের পর পান্ত বলেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালোই মনে হচ্ছে। তবে আগে বোলিং করাও খুব খারাপ নয়।’

ভারত একাদশ: লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রিশাভ পান্ত (উইকেটরক্ষক/অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, সেনুরান মুথুসামি, সাইমন হার্মার, কেশব মহারাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত