ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উপকণ্ঠে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলামসহ অন্যরা।
পরবর্তীতে ভুটানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি বকুল ফুলের চারা রোপণ করেন। এর আগে বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
আজ তাঁর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের বৈঠক এবং প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলোচনা হবে। সন্ধ্যায় তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
