পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নাগরিকরা নিজেরা পরিবর্তন না হলে দেশে কোনো পরিবর্তন আসবে না।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদ কিছু করতে পারবে না, নাগরিকরা নিজে পরিবর্তন না করলে পরিবর্তন আসবে না। সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে কোনো দেশের পরিবর্তন সম্ভব নয়।
তিনি পুরোনো ব্যবস্থা নিয়ে বলেন, পুরোনোকে নিয়ম ভাবলে হবে না। সন্দেহ আর অবিশ্বাসের ভিত্তিতে পরিবর্তন সম্ভব নয়।
নদী দূষণ রোধে দ্রুত ঘোষণা আসার কথা জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, দূষণের একটি জায়গা নিয়ে কাজ করলে হবে না, বিস্তৃত পরিসরে কাজ করতে হবে।
নাগরিকদের চেয়ে নিয়ম পরিবর্তনের ওপর জোর দিয়ে তিনি বলেন, মানুষ নয়, নিয়ম বদলানোর ওপর গুরুত্ব দিতে হবে। নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসবে। আমরা সেই নিয়মগুলো ঠিক করার চেষ্টা করছি।
প্রাণীকল্যাণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধর্মও আমাদের প্রাণীর প্রতি দয়া করতে শেখায়। অথচ আমরা অনেক সময় মানুষ তো বটেই, প্রাণীদের প্রতিও নিষ্ঠুর হই। মানবিক সমাজ গড়তে হলে প্রাণী ও প্রকৃতির প্রতি সদয় হতে হবে।
ভালো প্রজন্ম গঠনে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপদেষ্টা বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে নিজেদের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, অতীতের অন্যায়-অবিচার ও চ্যালেঞ্জ সত্ত্বেও মানুষের স্বপ্নই বহুবার সমাজকে এগিয়ে নিয়েছে।
