বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন দেশীয় চলচ্চিত্রের মেধাবী নির্মাতা শেখ নজরুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টা নাগাদ রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। ‘চাঁদের আলো’সহ একাধিক জনপ্রিয় সিনেমার এই প্রযোজক ও পরিচালক কেবল নির্মাণেই থেমে ছিলেন না, সিনেমার গল্প, চিত্রনাট্য ও গান লেখার পাশাপাশি অভিনয়ও করেছেন। তার শিষ্য পরিচালক গাজী মাহবুব জানান, শনিবার রাতেই শেখ নজরুল ইসলামের মরদেহ নিজ জন্মস্থান নাটোরে নিয়ে যাওয়া হয়। আজ রবিবার সেখানেই জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নজরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর দুপুরে শেখ নজরুল ইসলাম মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ সময় নির্ধারণ করেন, যার মেয়াদ শেষ হয় শনিবার সকাল ১০টায়।
১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে নজরুল ইসলামের জন্ম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান শেখ নজরুল ইসলাম। ১৯৭৪ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’।এ ছাড়াও এই নির্মাতার অন্যান্য সাড়া জাগানো চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’ প্রভৃতি। ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন নজরুল ইসলাম।
তিনি ‘লেট দেয়ার বি লাইট’ (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে একটি চরিত্রে অভিনয়ও করেন।
ট্রাফিক আইনে ডিএমপির ১০৪৫ মামলা
এবার মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প