বোয়ালমারীতে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে শনিবার (২২ নভেম্বর) উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম (৩৫)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের উত্তরটিলি গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন ডাব ব্যবসায়ী।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ইব্রাহিম ডাব কেনার উদ্দেশ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তরটিলি গ্রামের পিকআপ চালক মো. হোসেনের গাড়ি ভাড়া করে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় একটি হোটেলে নাস্তা শেষে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি এসে ইব্রাহিম ও হোসেনকে একটি প্রাইভেটকারে তুলে নেয়। গাড়িতে তোলার পর তাদের হাত-পা বেঁধে ফেলা হয়। কিছুক্ষণ পর তারা পিকআপ চালক হোসেনকে মারধর করে রাস্তার পাশে ফেলে যায়, কিন্তু ইব্রাহিমকে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। ভোরের দিকে স্থানীয়রা আহত হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শিমুল বলেন, 'শনিবার বিকালে মরদেহ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। নিহতের ভাইয়ের দায়ের করা হত্যা মামলাটি গ্রহণ করা হয়েছে। ইব্রাহিম হত্যার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।'

প্রসঙ্গত, শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত