দেশের বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব শেখ নজরুল ইসলামের মৃত্যুতে শোকে মাতম সিনেমাপাড়ায়। বিশেষ করে গভীর শোক প্রকাশ করে অনেকটা মুষড়ে পড়েছেন চিত্রতারকা ওমর সানী। অভিনয়জীবনের শুরুতেই শেখ নজরুল ইসলামের হাত ধরেই আলোচনায় আসেন এই নায়ক। তাকে নিয়েই নির্মাণ করা হয় ‘চাঁদের আলো’ সিনেমা। মুক্তির পরই ধুন্ধুমার ব্যবসা করে চলচ্চিত্রটি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া অন্যতম স্মরণীয় এই সিনেমায় ওমর সানীর সহশিল্পী ছিলেন মুক্তি। সিনেমাটির ‘তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো’ এখনো দর্শকের স্মৃতিতে অমলিন হয়ে আছে।
প্রথম সিনেমার নির্মাতার মৃত্যু সংবাদে নিজের আবেগ লুকাতে পারেননি ওমর সানী। ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার ওস্তাদ না ফেরার দেশে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমার মনে হচ্ছে, আমার বাবা, আমার শ্বশুর, প্রিয়জনদের পর আমার বুকটা আবার খালি হয়ে গেল।’
উল্লেখ্য, গত কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ হার মানেন মেধাবী চিত্রনির্মাতা শেখ নজরুল ইসলাম। গত শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ রাজধানীর ধানম-ির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওই রাতেই মরদেহ নিয়ে যাওয়া হয় নির্মাতার জন্মস্থান নাটোরে। গতকাল রবিবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
