ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভারত সফর আবারও স্থগিত

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য করা তাঁর ভারত সফর আবারও স্থগিত করেছেন। নিরাপত্তাজনিত উদ্বেগকে এই সফর স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে সংঘটিত এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আই২৪নিউজের মঙ্গলবারের এক প্রতিবেদনে জানায়, নেতানিয়াহু আগামী বছর সফরের জন্য নতুন তারিখ নির্ধারণ করবেন। এর আগে তিনি নিরাপত্তা সংক্রান্ত একটি মূল্যায়ন নেবেন।

তৃতীয়বারের মতো এ বছরে ইসরায়েলি এ নেতা তাঁর ভারত সফর বাতিল করলেন। 

নেতানিয়াহুর ভারত সফর আগেও বেশ কয়েকবার স্থগিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ইসরায়েলে পুনরায় ভোটগ্রহণের কারণে সময়সূচিগত জটিলতায় আর এপ্রিলে নির্বাচনের কারণে পূর্বের সফরটি বাতিল হয়।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই ভারত সফরকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতা বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। জুলাই মাসে, তাঁর রাজনৈতিক দল প্রধানমন্ত্রী মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালিয়েছিল।

উল্লেখ্য, নেতানিয়াহু সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারি মাসে ভারত সফর করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে ইসরায়েল সফর করেছিলেন, যা কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ঐ রাষ্ট্রে সফর হিসেবে ইতিহাসে লেখা আছে। দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ভারত ও ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রায়ই আলোচনার বিষয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত