ফিফা-সৌদি চুক্তি, উন্নয়নশীল দেশগুলোকে দেয়া হবে ১০০ কোটি ডলার ঋণ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন ত্বরান্বিত করতে বড় উদ্যোগ নিল ফিফা ও সৌদি ডেভেলপমেন্ট ফান্ড (SFD)। সোমবার জুরিখে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ঘোষিত হয়—উন্নয়নশীল দেশগুলোর ফুটবল অবকাঠামো নির্মাণ ও সংস্কারে ১ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ সহায়তা দেবে সৌদি আরবের রাষ্ট্রীয় এই উন্নয়ন তহবিল। ফিফার সদস্য দেশগুলো চাইলে এই স্বল্পসুদে ঋণের মাধ্যমে নতুন স্টেডিয়াম নির্মাণ বা বিদ্যমান ভেন্যু সংস্কার করতে পারবে।

আগামী ২০৩৪ সালে প্রথমবার পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। তার আগে বিশ্ব ফুটবলে সৌদি বিনিয়োগ আরও জোরদার হলো এই চুক্তিতে। ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের স্পন্সর হয়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো।

চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “অনেক সদস্য দেশ প্রতিযোগিতা আয়োজনের মতো প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে সংগ্রাম করে। এই সহযোগিতা ফুটবলকে সত্যিকারের বৈশ্বিক খেলায় রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও যোগ করেন, “ফুটবল অবকাঠামো গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি। এজন্য সৌদি ডেভেলপমেন্ট ফান্ডকে ধন্যবাদ।”

সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সুলতান বিন আব্দুর রহমান আল–মারশাদ বলেন, “আমরা বিশ্বাস করি খেলাধুলার শক্তিতে মানুষের জীবন বদলে যেতে পারে। অবকাঠামো নির্মাণের মাধ্যমে আমরা কর্মসংস্থান, যুবসমাজের ক্ষমতায়ন এবং দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়নে বিনিয়োগ করছি।”

ফিফা এক বিবৃতিতে জানায়, এই উদ্যোগ সামাজিক অন্তর্ভুক্তি, যুব উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত