আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন: সেলিমা রহমান

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।

তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও নারীদের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। বিএনপি ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন এবং শিশুর মৌলিক চাহিদা পূরণ করা হবে।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর ডিজে হাই স্কুল মাঠে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বেগম সেলিমা রহমান আরও বলেন, “নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতা-পরবর্তী তিনি যৌতুক নিরোধ আইন পাস করেছিলেন। পরবর্তীতে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন এবং এসিড সন্ত্রাস প্রতিরোধে আইন পাস করেছেন।”

সমাবেশে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য-সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, “একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলাম ধর্মকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা প্রচারণা চালাচ্ছে যে, ভোট দিলে জান্নাত পাওয়া যাবে—এভাবে বেহেশতের টিকিট বিক্রি করছে।” তিনি সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “ভোটে বিএনপি জয়ী হলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারীর সুরক্ষা এবং সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পরিবারের নারীপ্রধানদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।”

বেগম সেলিমা রহমান হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকলের ধর্মীয় অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির বিকল্প নেই দাবি করে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত ১৭ বছর হিন্দু সম্প্রদায়ের ভোট দখল করে রেখেছেন।”

সমাবেশে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “দেশ ও দেশের কল্যাণে কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এজন্য তিনি ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। এরপর বেগম খালেদা জিয়া ২৯ দফা কর্মসূচি নিয়ে কাজ করেছেন। এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।”

নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত ওই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, জেলা বিএনপি নেতা শেখতাহা উদ্দিন নাঈম, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি। এছাড়া জেলা ও উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত