মহাখালীর কড়াইল বস্তির অগ্নিকান্ডে উদ্বেগ প্রকাশ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবৃতি দিয়েছেন।
তিনি বলেন, “আজ ২৫ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি ও সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে বহু মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাখালীর কড়াইল বস্তির এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর প্রাণপণ প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছে।
তাদের এই আন্তরিক প্রচেষ্টা দেশবাসীকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। আশা করি, ভয়ংকর এ আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।
কোনো প্রাণহানি না ঘটুক—এ প্রার্থনায় মহান আল্লাহর দরবারে হাত তুলেছি। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।
তারা এই কঠিন সময় ধৈর্যের সঙ্গে অতিক্রম করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
