আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনালের জন্য যে কৌশল নিচ্ছে ফিফা

 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম

২০২৬ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হলে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না স্পেন ও আর্জেন্টিনা, একইভাবে ফ্রান্স ও ইংল্যান্ডও। মঙ্গলবার ফিফা প্রকাশিত ড্র পদ্ধতিতে এমনটাই নিশ্চিত করা হয়েছে।

বিস্তৃত ৪৮ দলের নতুন ফরম্যাটে প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখতে র‌্যাংকিংয়ের শীর্ষ চার দলকে ব্র্যাকেটে আলাদা করে রাখা হয়েছে। অর্থাৎ শীর্ষে থাকা স্পেন ও দ্বিতীয় স্থানে থাকা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পরস্পরের বিপক্ষে খেলতে পারবে কেবল ফাইনালে। একই নিয়ম প্রযোজ্য তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ও চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের ক্ষেত্রেও।

তবে দলগুলো যদি নিজেদের গ্রুপে শীর্ষে না থাকে, তবুও শীর্ষ চার বাছাই একে অপরের মুখোমুখি হতে পারবে না সেমিফাইনালের আগে।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ৬ ডিসেম্বর প্রকাশ করা হবে আপডেটেড ম্যাচসূচি, স্টেডিয়াম ও কিক-অফ সময়সহ।

বিশ্বকাপের পাথ

কোন কোন পটে কারা?

স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সঙ্গে পট–১ এ থাকবে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।

পট–২ এ রয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।

পট–৩ এ থাকবে নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।

পট–৪ এ থাকবে জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ডসহ ইউরোপীয় প্লে-অফের চার বিজয়ী এবং ফিফা প্লে-অফ টুর্নামেন্টের দুই বিজয়ী।

এক গ্রুপে কারা একসঙ্গে থাকতে পারবে না?

কোনো গ্রুপে একই মহাদেশের দুটি দল থাকবে না— ব্যতিক্রম কেবল ইউরোপ। ইউরোপের ১৬ প্রতিনিধি থাকায় প্রতি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল থাকতে পারবে।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে আগামী ১১ জুন। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত