আগামী জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। এ সংক্রান্ত অধ্যাদেশ-২০২৫ ইতিমধ্যে জারি করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, অন্তর্বর্তী সরকার গণভোট সম্পর্কিত আটটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে এসব তথ্য শেয়ার করা হয়।
গণভোটের উল্লেখযোগ্য দিকগুলো হলো-
১. সংসদ নির্বাচন ও গণভোট একই কেন্দ্রে একসাথে অনুষ্ঠিত হবে।
২. সংসদ নির্বাচনের ভোটার তালিকাই গণভোটে ব্যবহৃত হবে।
৩. দুটি ভোটগ্রহণ প্রক্রিয়া একই সময়ে শুরু ও শেষ হবে।
৪. ভিন্ন রঙের ব্যালট বাক্স ও ব্যালট পেপার ব্যবহার করা হবে।
৫. নির্বাচনী কর্মকর্তারা উভয় ভোটের দায়িত্ব পালন করবেন।
৬. গণভোটে একটি প্রশ্ন থাকবে, 'হ্যাঁ' বা 'না' সিল দিতে হবে।
৭. প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে।
৮. একই সময়ে দুটি ভোটের গণনা করা হবে।
অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুযায়ী সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোতে জনগণের সম্মতি রয়েছে কিনা তা যাচাইয়ের জন্যই এ গণভোটের আয়োজন করা হচ্ছে।
