এনা পরিবহনের এনায়েতের বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

ঢাকা সড়ক পরিবহন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও এনা ট্রান্সপোর্টের মালিক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরিবহন খাতে চাঁদাবাজির অর্থ মানিলন্ডারিংয়ের অভিযোগে এনায়েতসহ তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে ১০৭ কোটি টাকার এই মামলা করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার রাজধানীর রমনা থানায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটি দায়ের করে।

সিআইডি জানায়, ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১৬ বছর এনায়েত উল্লাহ সমিতির সাধারণ সম্পাদক ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি পরিবহন সেক্টরে একক আধিপত্য প্রতিষ্ঠা করেন।

সিআইডির অনুসন্ধানে দেখা যায়, এনায়েত উল্লাহ ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট ১৯৯টি ব্যাংক হিসাবে মোট জমা হয়েছে প্রায় ২,১৩১ কোটি টাকা। এর মধ্যে এনা ট্রান্সপোর্টের ৪৩টি হিসাবে জমা ৯৩৪ কোটি টাকা এবং এনা ফুড অ্যান্ড বেভারেজের ৮টি হিসাবে জমা ৪১০ কোটি টাকার তথ্য পাওয়া যায়।

সিআইডির দাবি, ‘স্ট্রাকচারিং’ কৌশল ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে অর্জিত ১০৭ কোটি টাকা মানিলন্ডারিং করা হয়েছে। এনায়েত উল্লাহর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত