বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের ৬০ জন নেতাকর্মী দল পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে ভাটগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিশ পুনাইল ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে অনুষ্ঠিত হয় এ যোগদান অনুষ্ঠান।
অনুষ্ঠানটি আয়োজন করে সংশ্লিষ্ট ওয়ার্ডের জামায়াত শাখা। সেখানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি বিষয়টি নিশ্চিত করেন এবং নবযোগদানকারীদের স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুর রহমান, সেক্রেটারি মো. গোলাম রব্বানী, নায়েবে আমীর মো. আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলীম, বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার এবং উপজেলা শিবির সভাপতি মুনিরুল ইসলাম মুনিরসহ স্থানীয় নেতারা।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ তার বক্তব্যে বলেন, “দেশ ও ইসলামের পক্ষে কাজ করতে আগ্রহী সবাইকে জামায়াত স্বাগত জানায়। আপনাদের যোগদান নন্দীগ্রামে সংগঠনকে আরও শক্ত ভিত্তি দিয়েছে।”
নতুন যোগদানকারীদের মধ্যে ছিলেন ভাটগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিএনপির স্থানীয় কর্মী রফিকুল ইসলাম। তার নেতৃত্বে সাবেক সেনাসদস্য আবু নাছের মোল্লা, ব্যবসায়ী সফিকুল ইসলাম সরদার, মাহবুবুর রহমান, আফজাল হোসেন প্রামাণিকসহ মোট ৬০ জন বিএনপি কর্মী জামায়াতে ইসলামীতে যুক্ত হন।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক কাজী আব্দুল হামিদ। তাকে সহায়তা করেন যুব জামায়াতের সভাপতি হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন।
এদিকে এর আগে ২৩ অক্টোবর বিকেলে ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে আরেকটি অনুষ্ঠানে বিএনপি থেকে আরও প্রায় ৩৩ জন কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
