হংকংয়ের তা–পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের বিশাল আবাসিক কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দ্রুতই বাড়ছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে শুরু হওয়া আগুনে এখন পর্যন্ত কমপক্ষে ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২৭৯ জন, যাদের সন্ধানে ব্যাপক অভিযান চলছে।
দমকল কর্মকর্তাদের আশঙ্কা, ভবনের ভেতরে আরও মানুষ আটকে থাকায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। আহত অবস্থায় বহু মানুষকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
নগরীর নির্বাহী প্রধান জন লি জানান, তিনটি ভবনে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং এখন শিখা দৃশ্যমান নয়। তবে পুরো কমপ্লেক্সের ভেতরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
হংকং দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে মাঠে নেমেছে তাদের ৮ শতাধিক কর্মকর্তা–কর্মী। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ৩১ তলা বিশাল ব্লকগুলোতে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে।
ওয়াং ফুক কোর্ট মোট আটটি ব্লকের একটি পুরোনো আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় ২ হাজার আবাসিক ইউনিট রয়েছে। ১৯৮৩ সালে নির্মিত ভবনগুলোতে সংস্কার কাজ চলছিল। ভবনের বাইরের অংশে সংস্কারের জন্য বাঁশ ও নেট ব্যবহৃত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ধারণা দমকল বিভাগের।
ঘটনার পর প্রকাশ হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, পাশাপাশি একাধিক ভবনে আগুন দাউদাউ করে জ্বলছে। নিচতলা থেকে শুরু করে উপরের প্রায় সবকটি তলায় শিখা ছড়িয়ে পড়ে। জানালা দিয়ে বেরিয়ে আসা আগুনের ফুলকি আর কালো ধোঁয়ায় মুহূর্তেই ঢেকে যায় পুরো এলাকা।
হংকং দমকল বিভাগ এই অগ্নিকাণ্ডকে সর্বোচ্চ ‘পাঁচ মাত্রা’ হিসেবে ঘোষণা করেছে, যা সেখানে প্রায় ১৭ বছর পর দেখা গেল। শুরুতে ঘটনাটিকে ৪ মাত্রার অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতির ভয়াবহতা দেখে আরও এক ধাপ বাড়ানো হয়।
এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসায় উদ্ধার কাজ চলছে সতর্কতা নিয়ে। নিখোঁজদের সন্ধানে ড্রোন, হাই–টেক থার্মাল ক্যামেরা ও বিশেষ প্রশিক্ষিত দল কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ কী—তা এখনো নিশ্চিত করা যায়নি।
এ ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন প্রিয়জনের সন্ধানে উদ্বেগ আর শোকের মধ্যে দিন কাটাচ্ছে।
ব্যাংক ইন্স্যুরেন্স অর্থনীতি ধ্বংস করেছে আ.লীগ
সোয়া ৪ মাস পর বাসায় ফিরল মেহজাবিন