মাদুয়েকের প্রথম গোলে বায়ার্নকে উড়িয়ে দিল অপরাজেয় আর্সেনাল

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১১:১২ এএম

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে ৩–১ গোলে হারিয়ে টানা পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল। তাদের হয়ে গোল তিনটি করেছেন জুরিন টিম্বার, ননি মাদুয়েকে এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। বায়ার্নের একমাত্র গোলটি এসেছে লিনার্ট কার্লের পায়ে।

বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আর্সেনাল। ২২তম মিনিটে বুয়াকায়ো সাকার কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন টিম্বার। চলতি মৌসুমে কর্নার থেকে আর্সেনালের এটি দশম  গোল—ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যা সর্বোচ্চ। ১০ মিনিট পর সমতায় ফেরে বায়ার্ন। মাঝমাঠ থেকে জশুয়া কিমিচের লম্বা পাসে বল পেয়ে ক্রস বাড়ান সার্জ গ্নাব্রি। সেই বল পেয়ে কাছ থেকে গোল করেন ১৭ বছর বয়সী তরুণ কার্ল।

এটি ছিল চলতি আসরে আর্সেনালের প্রথম হজম করা গোল। বদলি হিসেবে নামা রিকার্দো কালাফিওরির শক্তিশালী ক্রস থেকে ফের আর্সেনালকে এগিয়ে দেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে। আর্সেনালের জার্সিতে এটা তার প্রথম গোল। ম্যাচের শেষ দিকে জয় নিশ্চিত করেন মার্তিনেল্লি। নর্থ লন্ডন ডার্বির নায়ক এবেরচির দৃষ্টিনন্দন পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে কে ফাঁকি দিয়ে তিনি গোলটি করেন। মৌসুমে বায়ার্নের এটাই প্রথম হার।

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছে মিকেল আর্তেতার আর্সেনাল। এক সপ্তাহে দুই শক্ত প্রতিপক্ষ টটেনহ্যামকে চার গোল, এরপর বায়ার্নকে তিন গোলে হারিয়েছে তারা। বদলি বেঞ্চ থেকে গোল এনে দেওয়া ‘ফিনিশারদের’ ব্যবহার করে আবারও ম্যাচ ঘুরিয়ে দিলেন কোচ আর্তেতা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র এক ম্যাচ হেরেছে আর্সেনাল এবং তারা বর্তমানে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ—দুই টেবিলেই শীর্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত