ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের গুলি করা যুবকের পরিচয় মিলেছে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর সশস্ত্র হামলার ঘটনায় আটক আফগান ব্যক্তির পরিচয় মিলেছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তির নাম রহমানউল্লাহ লাখানওয়াল। ২৯ বছর বয়সী রহমান ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আসা এক অভিবাসী।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, রহমানউল্লাহ ফ্যারাগুট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে দুপুরের দিকে অপেক্ষা করছিলেন এবং হঠাৎ গুলি চালান। তিনি প্রথমে এক নারী সেনাকে বুকে গুলি করেন, এরপর মাথায় আরেকটি গুলি করেন। দ্বিতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন— এমন সময় পাশেই থাকা তৃতীয় এক গার্ড দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে থামিয়ে দেন। দুজন সশস্ত্র সেনা তখন রাস্তায় টহলে ছিল, যখন হামলাকারী তাদের ওপর গুলি চালায়। আহত দুই সেনাকে হাসপাতালে নেওয়া হয় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

রহমানউল্লাহ লাখানওয়াল কে?

রহমান ‘অপারেশন অ্যালাইস ওয়েলকাম’ কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং ওয়াশিংটনের বেলিংহ্যামে পুনর্বাসিত হন। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই ওয়াশিংটন অঙ্গরাজ্যে বসবাস করছিলেন। এ ঘটনা সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে পর্যালোচনা করছে এফবিআই।

জানা গেছে, ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার পর তাকে চারবার গুলি করা হয়। ওয়াশিংটন ডিসির মেয়র ঘটনাটিকে ‘টার্গেটেড শুটিং’ বলে উল্লেখ করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে অতিরিক্ত ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প ক্ষমতায় দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই বিভিন্ন ডেমোক্র্যাটশাসিত শহরে অতিরিক্ত সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়ে আসছেন।

মিডিয়া ব্রিফিংয়ে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, ঘটনাটি ফেডারেল আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের ওপর আক্রমণ। তাই মামলা ফেডারেল পর্যায়ে বিচার করা হবে।

সাম্প্রতিক মাসগুলোয় প্রেসিডেন্ট ট্রাম্পের জননিরাপত্তা দমন অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্য ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্য পাঠিয়েছে। মিশনটি এখন যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় শহরে সম্প্রসারিত হয়েছে। ওয়াশিংটনে বর্তমানে প্রায় ২ হাজার ৪০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন রয়েছে।

বলা হচ্ছে, ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের উপস্থিতি রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে উঠেছে। সমর্থকরা বলছেন, এই সদস্যরা অপরাধকবলিত এলাকাগুলো স্থিতিশীল করতে সাহায্য করেছে। যদিও তাদের দীর্ঘমেয়াদী অবস্থান বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর ভূমিকার সীমারেখা অস্পষ্ট করে দিচ্ছে।

এর আগে ফ্লোরিডার গলফ ক্লাব থেকে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি হামলাকারীর কঠোর সমালোচনা করেন এবং আহত দুই সদস্যের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে উল্লেখ করেন। ন্যাশনাল গার্ডের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন— দোষী ব্যক্তি কঠোর শাস্তির মুখোমুখি হবে।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার বলেন, এটি ছিল পরিকল্পিত লক্ষ্যভিত্তিক হামলা। গার্ড সদস্যদের লক্ষ্য করেই গুলি চালানো হয়, এবং হামলাকারী এখন পুলিশের হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত