বয়স যে শুধু সংখ্যা—তার প্রমাণ যেন আবারও দিলেন ডেভিড লুইজ। ৩৮ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে ফিরেই করলেন গোল, তাও আট বছরেরও বেশি সময় পর। সাইপ্রাসের ক্লাব পাফোস–এর হয়ে বুধবার মোনাকোর বিপক্ষে ম্যাচে দারুণ এক হেডে গোল করে সমতায় ফিরিয়ে দেন দলকে।
১৮ মিনিটে কর্নার থেকে উঠে আসা বলটি মাথা ছুঁইয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। চ্যাম্পিয়নস লিগে তার আগের গোলটি এসেছিল ২০১৭ সালের অক্টোবরে, চেলসির হয়ে রোমার বিপক্ষে ৩–৩ ড্র ম্যাচে।
এই গোলের মাধ্যমে ডেভিড লুইজ হয়ে গেলেন চ্যাম্পিয়নস লিগের আধুনিক যুগে (১৯৯২–৯৩ থেকে) দ্বিতীয় সর্বাধিক বয়সী গোলদাতা। তার বয়স তখন ৩৮ বছর ৭ মাস ৪ দিন। তার ওপরে আছেন কেবল পেপে—৪০ বছর ৯ মাস ১৭ দিন বয়সে গোল করেছিলেন (পোর্তো বনাম শাখতার, ২০২৩)। তৃতীয় স্থানে ফ্রান্সেসকো টট্টি—৩৮ বছর ১ মাস ২৯ দিন (রোমা, ২০১৪)।
ডেভিড লুইজের এটি চ্যাম্পিয়নস লিগে নবম মৌসুম। শুরু করেছিলেন পর্তুগালের বেনফিকার হয়ে। ২০০৭ সালে বেনফিকার হয়ে।মোট খেলেছেন ৫৮ ম্যাচ, গোল ৭টি। তিনি চ্যাম্পিয়নস লিগ খেলেছেন— বেনফিকা, পিএসজি, চেলসি (২০১২ সালের শিরোপাজয়ী দলের সদস্য), এবং এখন পাফোসের হয়ে।
২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে সেই ৭-১ গোলের শোচনীয় পরাজয়ের সাক্ষী ডেভিড লুইজ সেই ম্যাচে থিয়াগো সিলভার অনুপস্থিতিতে ব্রাজিলকের নেতৃত্ব দিয়েছিলেন।
ব্রাজিলে টানা পাঁচ মৌসুম কাটানোর পর গত আগস্টে লুইজ ফেরেন ইউরোপে। পাফোসের হয়ে ক্লাবের অভিষেক মৌসুমেই নেতৃত্ব দিচ্ছেন রক্ষণভাগে। সাইপ্রাসের চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে ১৪ ম্যাচে তার গোল ৩টি।
১২ বছরে গ্র্যান্ডমাস্টার, ১৯ বছরেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন উজবেক এই দাবাড়ু