যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘১০০ ফটোস অব দ্য ইয়ার’ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি ফটোগ্রাফার আমির হামজার তোলা একটি ছবি। দিদারুল ইসলামের জানাজার মুহূর্ত ধারণ করা এই ছবিটি আবেগ ও বৈশ্বিক প্রভাবের কারণে নির্বাচিত হয়েছে।
এ অর্জনে আমির হামজাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি কেবল আমির হামজার ব্যক্তিগত সাফল্য নয়, পুরো দেশের জন্য গর্বের মুহূর্ত।’
তিনি আরও উল্লেখ করেন, আমির হামজার আগেও কেএম আসাদ, তসলিমা আক্তার ও মুনিরুজ্জামানের ছবি টাইম ম্যাগাজিনের এই তালিকায় জায়গা পেয়েছে। বাংলাদেশি ফটোগ্রাফারদের এই সাফল্য দেশের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে।
ফারুকী জানান, ফটোগ্রাফির প্রাতিষ্ঠানিক চর্চা বাড়াতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো ‘ফটোগ্রাফি’ বিভাগ চালু করা হবে।
উল্লেখ্য, ১৯৯২ সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্ম আমির হামজার। তিনি ২০১৪ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ফটোগ্রাফার হিসেবে যাত্রা শুরু ২০১২ সালে। আমির হামজা বর্তমানে দ্য নিউইয়র্ক টাইমসের সাথে কাজ করছেন। তাঁর তোলা ছবি ইতিপূর্বে দ্য নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।
