উদ্বোধনের দিনেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠেছে বই মেলা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৯ দিনব্যাপী বইমেলা। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে নগরের কান্দিরপাড় টাউনহল মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগ এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাজানো হয়েছে এবারের আয়োজন। উদ্বোধন উপলক্ষে বিকেলেই হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে লেখক, গবেষক, প্রকাশক ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের মিলনায়তন ছিল পূর্ণ।

মেলায় অংশ নিয়েছে রাজধানীর ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি প্রতিষ্ঠান এবং কুমিল্লার আরও ১০টি সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি স্টল। প্রথমা প্রকাশন ও প্রথম আলো বন্ধুসভাসহ দেশের বড় বড় প্রকাশনী এবার কুমিল্লার পাঠকদের জন্য এনেছে নতুন বইয়ের সমাহার। মেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. নজরুল ইসলাম বলেন, সন্তানকে একটি ভালো বই কিনে দেওয়া মানে তাকে একটি ভালো বন্ধু দেওয়া। ভালো বইই পারে আমাদের সন্তানদের সঠিক দিকনির্দেশনা দিতে, তাদের আদর্শ মানুষ হওয়ার পথে এগিয়ে নিতে।

জেলা প্রশাসক মু রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহা. খালিদ সরকার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। বক্তব্য দেন লেখক ও গবেষক আনোয়ারুল হক এবং কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত। পরে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং নতুন বইয়ের সমাহার দেখে সন্তোষ প্রকাশ করেন।

উদ্বোধনের দিন বইমেলায় ছিল উৎসবের আবহ। পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তরুণেরা বেশি আগ্রহ নিয়ে স্টলগুলোতে ঘুরে দেখেছেন নতুন বই। অনেকে প্রথম দিনই কিনেছেন পছন্দের লেখকের বই।

আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতাও থাকবে মেলার বিভিন্ন দিনে। আগামী ৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় হবে সমাপনী অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত