বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি তারেক রহমান ও জিয়া পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন।
তাঁর রোগমুক্তির জন্য দল- মত নির্বিশেষে দেশের সকল স্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। প্রধান উপদেষ্টাও তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়ার পাশাপাশি চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।
দেশ–বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো উচ্চ পেশাদারিত্বের সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চিকিৎসাসেবা প্রদান করছেন। বন্ধুত্বপূর্ণ একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য বিভিন্ন সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে।
সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসায় তাঁর পুত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডা. জুবাইদা রহমান এবং জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে জিয়া পরিবার দেশবাসীকে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।
মমতাময়ী জন্মদাত্রীর শয্যাপাশে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও জনাব তারেক রহমানের মন সারাক্ষণ মায়ের পাশে রয়েছে।
তাঁর শারীরিক অবস্থার উন্নতি–অবনতির প্রতিটি মুহূর্তে তিনি উদ্বিগ্নভাবে নজর রাখছেন। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও তাঁর রয়েছে প্রত্যক্ষ সম্পৃক্ততা।
এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তাঁরও রয়েছে। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে এ বিষয়ে তাঁর একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ উন্মুক্ত নয় এবং সম্পূর্ণভাবে তাঁর নিয়ন্ত্রণাধীনও নয়। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত ব্যাখ্যারও সুযোগ সীমিত।
তবুও রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় পৌঁছালে স্বদেশ প্রত্যাবর্তনে তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে পরিবার আশাবাদী।
