সাতকানিয়া 

বিদ্যুস্পৃষ্টে আহত বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া থেকে বিদ্যুস্পৃষ্টে একটি বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার উত্তর ছদাহা এলাকা থেকে পলাশ মেছো জাতের ঈগলটি উদ্ধার করা হয়।

পলাশ মেছো ঈগল একটি বিপন্ন প্রজাতির পাখি। বর্তমানে এদের আবাস্থল ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির ঈগল হারিয়ে যেতে বসেছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা।  

স্থানীয়রা জানায়, সকালে একটি পুকুরে মাছ ধরতে গেলে পুকুরের ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের সঙ্গে লেগে ঈগলটি পুকুরে পরে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় মো. ইকবাল হোসাইন সাকী নামে একজন সচেতন নাগরিক বন বিভাগকে খবর দিলে তারা গিয়ে ঈগলটিকে উদ্ধার করে নিয়ে আসে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পলাশ মেছো ঈগলটি (হ্যালিয়েটাস লিউকোরিফাস) উদ্ধার করা হয়। পলাশ মেছো ঈগলটির পায়ে ক্ষত ও দুর্বল থাকায় সুচিকিৎসার জন্য কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত