লোহাগাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ার ৯ ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে বিএনপির দুইগ্রুপের মধ্যে কোন্দল চলছে। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিনের নেতৃত্বে একটি গ্রুপ কৃষি মন্ত্রণালয়ে অভিযোগ করেন।

তাদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিনের সুপারিশে বিগত সরকারের সমর্থকসহ এমন ব্যক্তিকে ডিলার নিয়োগ দেয়া হয়েছে যাদের কোন বাজারে গোডাউন নেই। এসব অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা সার বীজ মনিটরিং কমিটি লোহাগাড়ার সারের ডিলার নিয়োগ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রমের ওপর স্থগিতাদেশের নির্দেশ দেন।

এ নিয়ে অভিযোগ সুরে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় উপজেলা প্রশাসন কোনো প্রকার যাচাই-বাছাই না করেই স্থানীয় বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিনের ইশারায় ও প্রশাসনকে বল প্রয়োগ করে অযোগ্য ব্যক্তিকে সারের ডিলার নিয়োগ দেয়া হয়েছে। এ অনিয়মের বিরুদ্ধে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবরে আমরা লিখিত অভিযোগ করেছি। বর্তমানে এখানে অনিয়মের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিলারশীপ নিয়োগ স্থগিত আছে।

তবে অভিযোগ অস্বীকার করে লোহাগাড়ার বিএনপির নেতা নাজমুল মোস্তফা আমিন বলেন , আমি লোহাগাড়ার  কাউকে সারের ডিলার নিয়োগের জন্য সুপারিশ করিনি। তাছাড়া প্রশাসনেও এ ব্যাপারে কোন তদবির করিনি।

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী সফিউল ইসলাম জানান, লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নে ৯ জন সার ডিলার নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা সার বীজ মনিটরিং কমিটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিলারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর না করার নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত