খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম-খুলনা বিভাগীয় শাখা এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাগরিক নেতা পরিবেশবিদ ও খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।
মানববন্ধন ও সমাবেশ বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের পর খুলনায় মব, খুন, ছিনতাই, চুরি, অস্ত্রের মহড়া ও মাদক ব্যবসা বেড়ে গেছে। কিছু রাজনৈতিক দল, গোষ্ঠির আশ্রয়-প্রশ্রয়ে সুবিধাবাদী অসাধু চক্র এসব অপরাধে লিপ্ত রয়েছে। পুলিশের কাছে এসব সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে। কিন্তু পুলিশ অজানা কারণে তাদের গ্রেপ্তার করছে না।
তারা বলেন, সন্ত্রাসীরা অপরাধ সংগঠিত করে নানা অপকৌশলের মাধ্যমে আলামত নষ্ট এবং নিরাপদে সটকে পড়লেও পুলিশ পেশাদারিত্বের জায়গায় অযোগ্যতার পরিচয় দিচ্ছে। মোটকথা অপরাধ দমনে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে ঘটনা ঘটার পর অনেক নিরীহ, নিরপরাধ জনগন প্রশাসন হয়রানির শিকার হচ্ছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, বাংলাদেশ লেবার পার্টির জেলা সভাপতি প্রিন্সিপ্যাল এ এস এম সাইফুদ্দোহা, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনার সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র খুলনা মহানগর সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি সরদার আবু তাহের, সাবেক ছাত্র নেতা এস এম চন্দন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান, খুলনা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক মল্লিক জাহিদুল ইসলাম প্রমুখ।
