ববিতে নানা আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নানা আয়োজনে দুইদিন ব্যাপী ‘ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ‘ঘুচে যাক দূরত্ব পথের ও মতের’ স্লোগানে গত ২৮ ও ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এ উৎসব আয়োজন করে।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছয়দফা বেদীতে চুয়েট ডিবেটিং সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম।

ইভেন্টটিতে ট্যাব রাউন্ডে দেশসেরা ৩২টি দল অংশগ্রহণ করে এবং ট্যাব রাউন্ডে প্রতিটি দল চারটি করে ডিবেট করে। ডিবেট আয়োজন করা হয় এশিয়ান পার্লামেন্টারি (এপি) সিস্টেমে। ট্যাব রাউন্ড থেকে আটটি দল কোয়ার্টার ফাইনালে যায়। ফাইনাল রাউন্ডে যায় চুয়েট ডিবেটিং সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

ফাইনাল রাউন্ডের মোশন ছিলো 'এই সংসদ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে নিজস্ব ক্ষেত্রে সফল (ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ইত্যাদি) এমন ব্যাক্তিদের প্রাধান্য দিবে।' যেখানে সরকারি দলে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং বিরোধী দলে ছিলো চুয়েট ডিবেটিং সোসাইটি। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান কাওয়ালী সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি।

বিইউডিএসের সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন, ‘বিতর্কের মূল উদ্দেশ্য থাকে মানুষের মনের পরিবর্তন আনা, যুক্তির মাধ্যমে মানুষের নিজের চিন্তাভাবনা অন্যের কাছে পৌঁছে দেওয়া। তারই ধারাবাহিকতায় আমাদের ইভেন্টটির আয়োজন করা হয়েছিলো। আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো দেশসেরা বিতার্কিকদের একটা মঞ্চে নিয়ে আসা, যাতে বিভিন্ন অঞ্চলের বিতার্কিকরা নিজেদের সংস্কৃতি অন্যের সামনে তুলে ধরতে পারেন এবং সত্যকে তুলে ধরতে পারেন।’

প্রসঙ্গত, ২০২৩ সালে বিইউডিএস প্রথম ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল আয়োজন করেছিলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত