আলাভেসের বিপক্ষে ৩–১ গোলের জয়ে দারুণ পারফরম্যান্সের পর সতীর্থদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। ম্যাচে দুটি গোলে সরাসরি অ্যাসিস্ট করা রাফিনহা জানান, দলের সাফল্যের জন্য আক্রমণ থেকে শুরু করে প্রতিনিয়ত প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই জয়ে আলাভেসকে হারিয়ে লিগের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে রাফিনহা বলেন, ‘আমি হয়তো মাঝে মাঝে একটু বেশি চাপ দিই, কখনো কখনো খুব বেশি কথা বলিও। কিন্তু আমি মনে করি, চাপ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। মাঠে আমার সতীর্থরা অনেক সময় ভাবে, আমি বেশি কথা বলছি। তবুও আমি সবাইকে বলব, তারা আরও অনেক বেশি দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘ম্যাচ জেতানোর দায়িত্ব আমাদের সবার। ম্যাচ শেষে ড্রেসিংরুমে আমরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করি। আমি সব সময়ই বলি, ভালো রক্ষণ শুরু হয় আক্রমণ থেকেই। প্রতিপক্ষের সেন্টার ব্যাকদের জায়গা কমিয়ে দিয়ে দ্রুত বল কেড়ে নেওয়ার চেষ্টা করি। এতে আমাদের রক্ষণভাগও উপকৃত হয়। আমি চিন্তা না করেই দৌড়াই, শুধু বল ফিরে পাওয়ার জন্য।’
বার্সেলোনা এখনো নিজেদের সেরা খেলাটা খেলছে না—এমন মন্তব্যও করেন রাফিনহা। তার মতে, কোচ এবং খেলোয়াড়—দুটো পক্ষই জানে দলের আরও উন্নতির সুযোগ আছে। তিনি বলেন, ‘কোচও মনে করেন আমরা মাঠে আরও ভালো খেলতে পারি, আমরাও তা বিশ্বাস করি। আমরা এখনো সেরা ছন্দে নেই।’
তবে জয়ের গুরুত্বই সবচেয়ে বেশি বলে মনে করেন এই উইঙ্গার। তার ভাষায়, ‘আমাদের অনেক কিছুতে উন্নতি করতে হবে, কিন্তু আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিন পয়েন্ট নিশ্চিত করা। ভুলগুলো শুধরে নিতে আমাদের সময় আছে। ভালো খেলেই আমরা জিততে চাই, কিন্তু যদি কোনো ম্যাচে খারাপ খেলেও জয় আসে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ্।’
ওলমোর জোড়া গোলে বার্সেলোনার দাপুটে জয়
আর্জেন্টাইনের হ্যাটট্রিকে ফাইনাল জিতে আরেক ফাইনালে মেসির মায়ামি