ওলমোর জোড়া গোলে বার্সেলোনার দাপুটে জয়

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:২৪ এএম

নবনির্মিত ন্যু ক্যাম্পের দ্বিতীয় ম্যাচে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল বার্সেলোনা। পিছিয়ে পড়েও আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গেছে কাতালান ক্লাবটি। ম্যাচে জোড়া গোল করেন স্পেনের ফরোয়ার্ড দানি ওলমো।

ম্যাচের শুরুতেই চমক দেয় আলাভেস। খেলার প্রথম মিনিটেই মিডফিল্ডার পাবলো ইবানেস কাছ থেকে বল জালে ঠেলে দিয়ে দলকে এগিয়ে নেন। লা লিগায় এটি ছিল তার শততম ম্যাচের স্মরণীয় গোল। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বার্সেলোনাকে। রবার্ত লেভানডোভস্কির বাড়ানো বল বক্সের ভেতর থেকে জালে জড়িয়ে সমতা ফেরান লামিন ইয়ামাল।

এরপর ২৬ মিনিটে রাফিনহার কাটব্যাক থেকে নিচের কোণ দিয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন দানি ওলমো। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে কিছুটা সময় নেয়। যোগ করা সময়ে আবারও আলাভেস গোলকিপার আন্তোনিও সিভেরাকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলমো। তাতেই নিশ্চিত হয় বার্সেলোনার ৩-১ ব্যবধানে জয়।

এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে দুই পয়েন্ট এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল। তবে রবিবার রাতে জিরোনার বিপক্ষে ম্যাচ জিতলে আবার শীর্ষে ফিরতে পারে রিয়াল মাদ্রিদ। এদিকে বার্সেলোনার গোলের ধারাও রীতিমতো ভয়ংকর। লা লিগায় টানা ৩৪ ম্যাচে তারা গোল করতে পেরেছে, সব মিলিয়ে ৯১টি গোল। এটি ২০১৯ সালের পর ক্লাবটির সেরা গোলের ধারাবাহিকতা।

আগামী লিগ ম্যাচে আগামী ২ ডিসেম্বর রাতে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত