লিটনের বিস্ফোরণের পর শেষ টি-টোয়েন্টির দলে শামীম পাটোয়ারী

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে শামীম পাটোয়ারী সুযোগ না পাওয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। নির্বাচক প্যানেল দল নির্বাচনের আগে অধিনায়কের মতামতকে গুরুত্ব দেয় না- বলেও গুরুতর অভিযোগ তোলেন তিনি। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির দলে শামীমকে যুক্ত করা হয়েছে।

আজ রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ম্যাচটি আয়ারল্যান্ড জিতেছিল। অবশেষে গতকাল দ্বিতীয় ম্যাচ ৪ উইকেটে জিতে বাংলাদেশ সিরিজে সমতা ফেরায়। আগামী মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য শেষ টি-টোয়েন্টিই হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী ম্যাচ।

শামীমকে যুক্ত করার বিষয়ে সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘দল যা চেয়েছে, আমরা সেটাই অনুসরণ করেছি। এ নিয়ে বেশি বিস্তারিত কিছু বলতে চাই না। আশা করি, সে খেলবে এবং আপনারা নিজেরাই তা দেখতে পাবেন।’

এর আগে গত ২৬ নভেম্বর সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে লিটন বলেছিলেন, ‘দেখেন, (শামীম) থাকলে অবশ্যই ভালো হতো। এটা আমার কল (সিদ্ধান্ত) না, পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে, উইদাউট এনি নোটিশ। আমি এত দিন জানতাম যে একটা দল যখন মানুষ হ্যান্ডেল করে, অন্তত অধিনায়ক জানে যে কোন খেলোয়াড়টা ঢুকবে, কোন খেলোয়াড়টা আউট হবে।’

তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফউদ্দিন, শামীম হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত