চার শতাধিক ক্রিকেটার নিলামে উঠবেন আজ; নজর থাকবে যাদের ওপর

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে আজ। এদিন বিকাল ৪টায় রাজধানীর একটি হোটেলে নিলাম অনুষ্ঠানে খেলোয়াড় কিনবে ৬টি ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলে কখনই বিদেশি তারকা তেমন দেখা যায় না। এবারও তাই হতে যাচ্ছে। পাঠকদের জন্য রইল নিলামের বিস্তারিত।

স্থানীয় এবং বিদেশি মিলিয়ে মোট ৪১৫ জন ক্রিকেটার আজ নিলামে উঠবেন। এর মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। স্থানীয়দের ৬টি এবং বিদেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৫ ক্যাটাগরিতে। এর মধ্য থেকে কমপক্ষে ৮৪ জন দল পাবেন, যা দলগুলোর চাহিদার ভিত্তিতে আরও বাড়তে পারে। তবে নিলামে থাকা সবার নাম ডাকা হবে না। তাছাড়া বেশ কিছু ক্রিকেটার আগেই বিভিন্ন দলের সঙ্গে সরাসরি চুক্তি করে ফেলেছেন।

নিয়মানুযায়ী, প্রতিটি দলকে নিলাম থেকে সর্বনিম্ন ১২ জন এবং সর্বোচ্চ ১৪জন ক্রিকেটার কিনতে পারবে। প্রতিটি ক্যাটাগরি থেকে খেলোয়াড় কিনতে হবে। বিদেশি খেলোয়াড় কিনতে হবে কমপক্ষে দুজন করে। এ ছাড়া বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবির অনুমোদনসাপেক্ষে যত ইচ্ছা বিদেশি খেলোয়াড় খেলোয়াড় নিবন্ধন করানো যাবে। এক ম্যাচে বিদেশি খেলানো যাবে কমপক্ষে দুজন ও সর্বোচ্চ চারজন।

স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। এছাড়া ‘বি’ ক্যাটাগরির ৩৫ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২ লাখ, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরির খেলোয়াড়দের দাম প্রতি ডাকে বাড়বে ৫০ হাজার টাকা করে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার। একটি ফ্র্যাঞ্চাইজি ৩ কোটি টাকা খরচ করতে পারবে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২২ সদস্যের দল (রিজার্ভসহ) রাখতে পারবে।

আগেই বলা হয়েছে, বিপিএলে তারকার সমাবেশ থাকে না। তাছাড়া শীর্ষস্থানীয় দেশি ক্রিকেটারদের অনেকেই সরাসরি চুক্তিতে সই করেছেন। এর বাইরে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। যিনি কোটি টাকা পারিশ্রমিক দাবি করায় সরাসরি চুক্তি করতে পারেননি বলে গুঞ্জন আছে। এছাড়া মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাঈম শেখ, রিপন মণ্ডল, হাবিবুর রহমানদের নিয়েও দলগুলোর আগ্রহ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত