১৬ ছক্কায় ৩২ বলে অভিষেক শর্মার টর্নেডো সেঞ্চুরি!

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১২:২১ পিএম

আন্তর্জাতিক ম্যাচ হোক কিংবা ঘরোয়া- অভিষেক শর্মার ব্যাট হাসতেই থাকে। এবার তরুণ এই ব্যাটার ভারতের ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন। হায়দরাবাদে অনুষ্ঠিত বাংলার বিপক্ষে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তরুণ। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ১৪৮ রানে! তার ইনিংসে ছিল ৮টি চার এবং ১৬টি ছক্কার মার।

পাঞ্জাবের হয়ে প্রভসিমরন সিংয়ের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন অভিষেক। শুরু থেকেই তিনি ঝড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দেন। জাতীয় দলের তারকা বোলার মোহম্মদ শামি ও আকাশ দীপের বিপক্ষেও তিনি অনায়াসে রান তুলতে থাকেন। পাওয়ার প্লেতেই সাতটি চার ও দুটি ছক্কা হাঁকান অভিষেক। এক পর্যায়ে ৫ বাউন্ডারি এবং ৫ ছক্কায় মাত্র ১২ বলে তুলে নেন ফিফটি। এই ১২ বলের মধ্যে মাত্র একটি ডট বল খেলেছেন।

এটি পুরুষ টি–টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম এবং কোনো ভারতীয় ব্যাটারের ক্ষেত্রে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। ভারতীয় ক্রিকেটে সবচেয়ে দ্রুততম অর্ধশতক করেন আশুতোষ শর্মা, যিনি ১১ বলে এই কীর্তি গড়েছিলেন। অভিষেক এখন বিশ্বের সেই পাঁচ ব্যাটারের একজন, যারা টি–টোয়েন্টিতে ১২ বলে ফিফটি করেছেন। এই তালিকায় তার আগে ছিলেন যুবরাজ সিং, ক্রিস গেইল, হজরতুল্লাহ জাজাই এবং সাহিল চৌহান।

এরপর তিনি আরও বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেন মাত্র ৩২ বলে। ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাও স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮টি সেঞ্চুরি করেছেন। ভারতীয়দের মধ্যে এই তালিকায় এখনও এগিয়ে আছেন কেবল বিরাট কোহলি, যার ঝুলিতে রয়েছে ৯টি সেঞ্চুরি। একই সঙ্গে ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছক্কার নিজের পুরোনো রেকর্ডও ভেঙেছেন এই আগ্রাসী ব্যাটার। চলতি মৌসুমে তার ছক্কার সংখ্যা ৯২টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত