খায়রুল কবির খোকন

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই হাসিনার পতন হয়েছে

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিগত সময়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছিল স্বৈরাচার সরকার। তাকে চিকিৎসা না দিয়ে কারাগারে ফেলে রেখেছিল। পরিবার থেকে একাধিকবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হলে আইন মন্ত্রণালয় অপব্যাখ্যা দিয়ে সে ব্যবস্থা করেনি। তাকে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিল। উন্নত চিকিৎসার অভাবেই দিন দিন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে নরসিংদীর মাধবদীতে জেলা মহিলা দল আয়োজিত বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সব সময় দেশ ও দেশের মানুষের কথা ভেবেছেন, কখনও স্বৈরাচারী সরকারের সঙ্গে আপস করেন নাই। যদি তিনি হাসিনার সাথে আপস করতেন তাহলে বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। তাই তিনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সব সময় তিনি বলতেন আমার তিনটি পরিবার, একটি এ দেশের জনগণ, একটি আমার রাজনৈতিক দল ও একটি আমার পরিবার এটি ছাড়া আমার আর কোনও ঠিকানা নাই। তাই সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ওনি যে ভূমিকা রেখেছেন, তার আপসহীন নেতৃত্বের কারণেই হাসিনার পতন হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, মাধবদী থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত