৩১ দফাই হবে ভোট যুদ্ধে বিএনপির মূল হাতিয়ার: খোকন

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৩:১২ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দলগুলো স্বাধীনতার ঘোষণা করতে পারেনি। বরং সেসময় তারা পালিয়ে গেছে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র ৩৩ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি; পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশকে স্বাধীন করেছেন।

রবিবার বগুড়ার শেরপুর পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে শেরপুর পৌর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের আন্দোলন সংগ্রাম এখনও শেষ হয়নি। খালেদা জিয়া জেলখানা থেকে মুক্ত হয়েছেন। লড়াই কিন্তু এখনও শেষ হয়নি। বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়েছে; আমাদের লড়াই কিন্তু এখনও শেষ হয়নি। লড়াই আরও সামনে বড় আকার ধারণ করেছে। আমাদের দুইভাবে লড়াই করতে হবে প্রথমত ভোটের যুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এ যুদ্ধে আমাদের মূল হাতিয়ার হবে তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা।

তিনি বলেন, যেদিন দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন যেদিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পরিগণিত হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ একটি বৈষম্যহীন সমাজে সম্মান নিয়ে নাগরিক হিসেবে বসবাস করার অধিকার পাবে। সেদিন আমাদের আন্দোলন সংগ্রাম পরিপূর্ণতা লাভ করবে, সকল প্রচেষ্টা পরিপূর্ণতা লাভ করবে।

অনুষ্ঠানে অতিসম্প্রতি শেরপুর উপজেলা, পৌরসভা এবং জেলায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিতে যারা পদ পেয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়।

শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে আরও অংশ নেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ও কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর উপজেলা বিএনপির সদস্য হাসানুল মারুফ শিমুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসভাপতি আব্দুল করিম, ফাহমিদুন নবী পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সোহানুর রহমান লাভলু, শাহ আরিফসহ শেরপুর উপজেলা ও বগুড়া জেলা বিএনপির অংগ ও সহযোগী সংঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত