নিজেকে এতো 'দামী' ভাবেন না নাঈম শেখ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ এএম

ঢাকায় যখন বিপিএল নিলাম নিয়ে কাড়াকাড়ি, তখন সিলেটের মাঠে এনসিএল ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাইম শেখ। বিপিএল নিলামের প্রথম রাউন্ডেই সর্বোচ্চ দরে দল পেয়ে চমক সৃষ্টি করেন তিনি। ৫০ লাখ টাকার ভিত্তিমূল্য থেকে তাঁর দাম গিয়ে ঠেকে ১ কোটি ১০ লাখ টাকায়। দিনের খেলা শেষে নিজের অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানান সদ্য চট্টগ্রাম রয়্যালসে দলে নাম লেখানো এই ক্রিকেটার।

বাসের মধ্যেই সুখবর

সিলেটে তখন জাতীয় ক্রিকেট লিগের (NCL) খেলা চলছিল। বরিশালের বিপক্ষে দিনের খেলা শেষ করে টিম বাসে হোটেলে ফিরছিলেন নাইম। বাসে থাকা সবার চোখ তখন মোবাইলের স্ক্রিনে, সবাই বিপিএল নিলামের লাইভ দেখছিলেন। নাইম বলেন, "সবাই খুব উত্তেজিত ছিল—কে আগে দল পাবে, লিটন ভাই নাকি আমি? হঠাৎ আমার নাম ঘোষণা হতেই বাসের সবাই উল্লাস আর উদযাপন শুরু করে। মুহূর্তটা আমার জন্য খুবই মজার এবং আবেগঘন ছিল।"

প্রত্যাশার চেয়েও বেশি

নিলামের আগে কেমন অনুভব করছিলেন? এমন প্রশ্নের জবাবে নাইম জানান, তিনি শুরুতে খুব একটা মনোযোগ দেননি। তবে জানতেন অন্তত তিনটি দল তাঁকে নিতে আগ্রহী, তাই অবিক্রিত থাকার ভয় ছিল না। তিনি বলেন, "ভিত্তিমূল্যের চেয়ে এত বেশি দামে বিক্রি হবো, এটা সত্যি ভাবিনি। আমি ভেবেছিলাম রিপন মন্ডল, তাওহীদ হৃদয় বা লিটন ভাইরা হয়তো অনেক বেশি দাম পাবেন। তবে নিলামের গতিপ্রকৃতি এমনই হয়। ড্রাফট পদ্ধতির বদলে সরাসরি নিলাম আমাদের জন্য নতুন অভিজ্ঞতা ছিল এবং বেশ ভালোই লেগেছে।"

টাকার চাপ ও পেশাদারিত্ব

কোটি টাকার উপরে বিক্রি হওয়া মানেই বাড়তি প্রত্যাশা আর পারফর্ম করার চাপ। তবে এই চাপ নিতে পুরোপুরি প্রস্তুত নাইম। নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, "টাকার অংকের দিক থেকে আমি ঢাকা প্রিমিয়ার লিগে (DPL) এমনিতেই শীর্ষ পাঁচ উপার্জনকারীর একজন। তাই টাকার সাথে যে বাড়তি প্রত্যাশা বা চাপ থাকে, সেটিতে আমি আগে থেকেই অভ্যস্ত।"

​তিনি আরও যোগ করেন, "দাম কম হলেও আমার নিবেদন বা ডেডিকেশনে কোনো কমতি থাকত না। পেশাদার ক্রিকেটে আমি বহুদিন ধরে আছি, তাই দায়িত্ববোধটা বুঝি। এখন আমার লক্ষ্য একটাই—গত সিজনের মতো এবারও রান করা এবং দলকে জেতানো।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত