উপদেষ্টা মাহফুজ

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ এএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নতুন আপডেট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, খালেদা জিয়ার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগের তুলনায় সামান্য উন্নতিও দেখা যাচ্ছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) গভীর রাতে হাসপাতালে গিয়ে তার সাথে সংশ্লিষ্টদের কথা বলার পর সাংবাদিকদের তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি খালেদা জিয়ার খোঁজ নিতে সেখানে যান। তথ্য উপদেষ্টা বলেন, ‘দেশের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন ও বিভিন্ন সময়ে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতি সম্মান জানিয়ে দেশবাসীর মতো আমিও তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেছি।’

তিনি আরও জানান, চিকিৎসকদের সাথে আলোচনায় জানা গেছে—গত কয়েকদিন ধরে যেমন স্থিতিশীলতা বজায় আছে, তার সঙ্গে এখন সামান্য উন্নতির ইঙ্গিতও মিলেছে। চিকিৎসকেরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থায় আরও অগ্রগতি দেখা যাবে। মাহফুজ আলমের ভাষায়, ‘তার ত্যাগ ও অবদান আমাদের অনুপ্রাণিত করে। আমরা বিশ্বাস করি, সুস্থ হয়ে তিনি আবার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ধারাবাহিকতা দেখবেন। জুলাইয়ের পরিবর্তন প্রক্রিয়ায় যারা ভূমিকা রেখেছেন, তাদের সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা-সংক্রান্ত যেকোনো সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত রয়েছে।’

গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবিক দৃষ্টিকোণ—সবদিক বিবেচনায় খালেদা জিয়ার সুস্থতা নিয়ে সরকারের এই বার্তা ইতিবাচক সাড়া ফেলেছে বলেও অনেকে মত দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত