অংকন আছে, শামীমও স্কোয়াডে শেষ ম্যাচে খেলবে কে?

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে এখন ১–১ সমতা। কাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শেষ ম্যাচে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। ফেব্রুয়ারির টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্বকাপ সামনে রেখে দলীয় কম্বিনেশন তৈরি ও বিকল্প খেলোয়াড়দের যাচাইয়ের সুযোগ ছিল এই সিরিজে। সেই ভাবনায় শামীম হোসেনকে বাদ দিয়ে প্রথম দুই ম্যাচের দলে জায়গা হয়েছিল উইকেটকিপার–ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অংকনের। কিন্তু দুই ম্যাচেই তাঁকে একাদশে রাখা হয়নি। অধিনায়ক লিটন দাসের আপত্তিতে নির্বাচকরা তৃতীয় ম্যাচের স্কোয়াডে অংকনকে রেখেই শামীমকে যুক্ত করেছেন। 

আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ শন টেইটের কাছে জানতে চাওয়া হয়- কেন অংকনকে কোনো ম্যাচেই খেলানো হলো না? টেইট প্রশ্নটি বিনা দ্বিধায় পাশ কাটিয়ে বলেন, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন।’

পেসার সঙ্গে শন টেইট। ছবি: দেশ রূপান্তর

শেষ ম্যাচের লক্ষ্য নিয়ে তিনি বলেন, “দেখুন, আমার মনে হয়, নিজেদের কাজ জটিল করে তোলার কোনো প্রয়োজন আমাদের নেই। স্রেফ ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে।”

“আমরা সেরা যে কাজটি করতে পারি, তা হলো গত ম্যাচে জয়ের বিশ্বাসকে আগামীকালের ম্যাচের বয়ে নেওয়া ও ভালো খেলা। আশা করি আমরা জিতব। তার পর তো কিছুটা বিরতি আছে। সেই বিরতিও জরুরি, তাই না? আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি, সেটিই সেরা ব্যাপার হবে। আমার তাই মনে হয়, চিন্তাভাবনা জটিল করার দরকার খুব একটা নেই।”

মোস্তাফিজুর রহমান। ছবি: দেশ রূপান্তর

বাংলাদেশ দলের পরের ব্যস্ততা বিপিএল ঘিরে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া বিপিএলে বিশ্বকাপের আগে প্রয়োজনীয় প্রস্তুতি হয়ে যাবে বলে মনে করেন টেইট। তবে দীর্ঘ এক মাসের টুর্নামেন্টে পেসারদের চোটের ঝুঁকিও যে আছে, সেটা স্বীকার করেছেন তিনি।

চোট নিয়ে দুশ্চিন্তায় নয় এমনই জানিয়ে টেইট বলেন, ‘আমি চোটের শঙ্কা নিয়ে ভীত নই। এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হলো, বিশ্বকাপের আগে ছেলেরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যেকোনো সময়ই হতে পারে। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। কারণ আমি পেস বোলিং কোচ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত