দেশে গুমের মতো গুরুতর অপরাধ ঠেকানো ও এ সংক্রান্ত অভিযোগের বিচার সুনিশ্চিত করতে রাষ্ট্রপতি ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। এতে গুমের দায়ে কারও মৃত্যুর ঘটনা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড এবং অন্যান্য ক্ষেত্রে যাবজ্জীবনসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আনুষ্ঠানিকভাবে এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করে। এর আগে ৬ নভেম্বর উপদেষ্টা পরিষদের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়।
অধ্যাদেশে বলা হয়েছে, জেলা ও বিভাগীয় দুই স্তরেই গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো—এই আইনের আওতায় আনা অপরাধগুলো জামিনযোগ্য নয়, এবং এ ধরনের মামলায় আপস-সমঝোতার সুযোগও থাকবে না।
নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোনো সরকারি কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক, অপহরণ বা স্বাধীনতা হরণ করার পর বিষয়টি অস্বীকার করে অথবা ওই ব্যক্তির অবস্থান, অবস্থা বা পরিণতি গোপন রাখেন এবং এ কাজের ফলে ওই ব্যক্তি আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হন তাহলে কাজটি গুম বা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।
এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।
আইন আরও বলছে, গুমের ফলে কারও মৃত্যু হলে, কিংবা গুমের পাঁচ বছর পরও তাঁকে জীবিত বা মৃত কোনো অবস্থায়ই পাওয়া না গেলে, দায়ী ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে।
গুম আড়াল করার উদ্দেশ্যে প্রমাণ নষ্ট করা কিংবা গোপন আটককেন্দ্র নির্মাণ, ব্যবহার বা স্থাপন করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে—অধ্যাদেশে এটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।
শুধু অধস্তন সদস্যদের জন্য নয়, বরং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমান্ডারদের প্রতিও কঠোর দায় আরোপ করা হয়েছে নতুন আইনে। নথিতে বলা হয়েছে, ‘যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা কমান্ডার বা দলনেতা এ ধরনের অপরাধ সংঘটনে অধস্তনদের আদেশ, অনুমতি, সম্মতি, অনুমোদন বা প্ররোচনা দেন, কিংবা নিজেই অংশ নেন, তাহলেও তিনি মূল অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া অবহেলা, অদক্ষতা বা তদারকির ঘাটতির কারণে অধস্তনদের মাধ্যমে এ ধরনের অপরাধ সংঘটিত হলেও দায় এসে বর্তাবে সেই ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর। অধস্তনদের নিয়ন্ত্রণে ব্যর্থতা বা শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলেও তাকে মূল অপরাধের জন্য একই শাস্তির মুখোমুখি হতে হবে।
অধ্যাদেশে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো—গ্রেপ্তারের পর কোনো ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার আগ পর্যন্ত ‘রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে’ তার অবস্থান গোপন রাখা যেতে পারে। আবার কোনো অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলে অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শেষ করা যাবে বলেও এতে উল্লেখ আছে।
ইংল্যান্ডকে বাজবলের অহংকার ঝেড়ে ফেলতে বললেন মাইকেল ভন
টানা ঝড়-বন্যায় এশিয়ার ৪ দেশে প্রাণহানি ১ হাজার ছাড়াল