নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় দুই ছাত্র উপদেষ্টা!

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

শিগগিরই ঘোষিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এ প্রস্তুতির মধ্যেও অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন সিদ্ধান্তহীনতায়। আসিফ মাহমুদ নির্বাচনের ঘোষণা দিলেও মাহফুজ আলমের সিদ্ধান্ত এখনো অনিশ্চিত।

তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ ও নির্বাচনের ব্যাপারে কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন বললেও, কোন দল বা প্ল্যাটফর্ম থেকে করবেন, তা এখনো স্পষ্ট নয়। সরকারের শীর্ষ পর্যায় থেকে এ দুইজনকে পদত্যাগের জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগেও একাধিকবার এমন পরামর্শ দেওয়া হলেও তাঁরা সময় চেয়েছিলেন।

আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রমতে, তিনি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন। তবে মাহফুজ আলমের ক্ষেত্রে তাঁর পক্ষের কিছু সূত্র বলছে, তিনি হয়তো সরকারের শেষ সময় পর্যন্ত দায়িত্বেই থাকতে পারেন এবং নির্বাচনে অংশ নাও নিতে পারেন। নির্বাচনে অংশ নিলেই কেবল পদত্যাগ করবেন তিনি।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার শনিবার জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। উভয় আসনেই বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি, অন্যদিকে জামায়াতে ইসলামী ইতোমধ্যেই প্রার্থী দিয়েছে।

মাহফুজ আলম ও আসিফ মাহমুদ উভয়েরই প্রভাব রয়েছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। তাঁদের ইচ্ছা ছিল বিএনপির সঙ্গে এনসিপির জোট গঠনের, কিন্তু সেই সম্ভাবনা এখন ক্ষীণ। বরং এনসিপি এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-কে নিয়ে একটি তৃতীয় রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করছে। তবে আপ বাংলাদেশকে জোটে নেওয়া এবং গণ অধিকার পরিষদের মধ্যকার বিভক্তি এই প্রক্রিয়াকে কিছুটা স্থগিত রেখেছে।

আসিফ মাহমুদ ইতোমধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন এবং ঢাকা থেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, মাহফুজ আলমের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি আগামী এক-দুই দিনের মধ্যে পদত্যাগ ও নির্বাচন সংক্রান্ত তাঁর সিদ্ধান্ত নিতে পারেন। লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমের প্রার্থী হওয়ার আলোচনা দীর্ঘদিন ধরে চলছে যেখানে তাঁর ভাই এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও সক্রিয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত